চিরকুটের দেড় যুগে থাকছে দেড় ডজন গান
প্রতিনিয়ত নিজেদের সৃষ্টিশীলতা দিয়ে সবার মন জয় করে নিয়েছে ব্যান্ড দল চিরকুট। ২০০২ সালে চিরকুট ব্যান্ডের জন্ম। এরপর গান আর সুরের সঙ্গে ১৮ বছর (দেড় যুগ)র পথচলা দলটির। তাই এ বছরটিকে স্মরণীয় করে রাখতে ১২ মাসে ১৮টি গান প্রকাশ করবে ব্যান্ডটি।
এই গানগুলোর প্রথমটি দেশাত্মবোধক গান। চিরকুটের করা প্রথম দেশাত্মবোধক গান হতে যাচ্ছে এটি। গানটির শিরোনাম ‘বাংলার কথা’। মঙ্গলবার বেঙ্গল স্টুডিওতে এ গানটির শুটিংয়ে অংশ নেন ব্যান্ডের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় চিরকুটের নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশ করবে।
ব্যান্ডের ভোকাল শারমীন সুলতানা সুমী বলেন, ব্যান্ড চিরকুট কবে যে ১৮ বছরে পা রাখলো, টেরই পেলাম না। ১৮ বছরটা স্মরণীয় করতে ১৮টি গান প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। ‘বাংলার কথা’রে পর ফেব্রুয়ারি মাসে আরো দুটি গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি। এ ছাড়া দেশের বাইরে বেশ কিছু কনসার্টও করবো।
চিরকুটের দীর্ঘ পথচলায় মাত্র তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরমধ্যে ২০১০ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। এই অ্যালবামের ‘খাজনা’ গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে এবং ২০১৭ সালে প্রকাশিত হয় তৃতীয় অ্যালবাম ‘উধাও’।